লোগো

বাচ্চাদের মনের বিকাশ: খেলাধুলা ও বইপড়া

বাচ্চাদের মনের বিকাশ: খেলাধুলা ও বইপড়া

আমরা অনেক সময় আমাদের শিশুরা যখন খেলতে বসে, তখন তাকে থামিয়ে দিয়ে পড়তে বসাই বা যখন বই নিয়ে বসে, তখন তাকে খেলতে পাঠাই। আমরা বইপড়া ও খেলাধুলাকে অনেক সময় আলাদা করে দেখি, কিন্তু সত্যিটা হলো খেলাধুলা এবং বইপড়া দুইটিই শিশুর জন্য সমান গুরুত্বের এবং এগুলো একসাথে শিশুর মনের সঠিক বিকাশে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখে।

শিশুরা মূলত খেলতে খেলতেই শেখে। এটি তাদের স্বাভাবিক শেখার পদ্ধতি। যখন একটি শিশু ব্লক দিয়ে কিছু তৈরি করে, পুতুল নিয়ে গল্প বানায় বা বন্ধুদের সাথে দৌড়ঝাঁপ করে, তখন সে শুধু সময় কাটাচ্ছে না, সে বিভিন্ন কিছু জানতে পারছে এবং নতুন অনেক কিছু শিখতে পারছে। সমস্যা হলে কীভাবে সমাধান করতে হয়, অন্যদের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে হয়, এসবই শিশুরা ধীরে ধীরে খেলাধুলার মাধ্যমে আয়ত্ত করে। এই প্রক্রিয়ায় শিশুর আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে সে নিজেকে আরও স্বাধীনভাবে প্রকাশ করতে শেখে।

অন্যদিকে, বইপড়া শিশুর মনের আরেকটি গুরুত্বপূর্ণ দিককে সমৃদ্ধ করে যেমন তার কল্পনাশক্তি এবং ভাষাগত দক্ষতা। যখন একজন বাবা মা বা অভিভাবক তার শিশুকে গল্প শোনান, তখন সে শুধু শব্দ শোনে না, সে তার মনে সেই গল্পের ছবি আঁকে। একটি ছোট পাখির উড়তে শেখা, একটি বনের অভিযান, এসব তার চিন্তার জগৎকে আরো বড় করে। এর মাধ্যমে সে নতুন শব্দ শেখে, বাক্য গঠন বুঝতে শেখে এবং ধীরে ধীরে নিজের ভাব প্রকাশ করার ক্ষমতা তৈরি করে। তাই আমাদের প্রত্যেকের প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বের করে শিশুকে বই পড়ে শোনানো বা শিশুকে বই পড়ার পরিবেশ তৈরি করে দেয়া উচিত।

শিশুর মনের সাঠিক বিকাসের জন্য শুধু বই পড়া নয়, বই নিয়ে কথা বলাও খুব গুরুত্বপূর্ণ। যেমন, গল্পের মাঝখানে একজন অভিভাবক জিজ্ঞেস করতে পারেন, “তোমার কি মনে হয় এরপর কী হবে?” বা “তুমি হলে কী করতে?” এই ধরনের প্রশ্ন শিশুর চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। এতে সে কেবল গল্প শুনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে না বরং গল্পের সাথে নিজেকে যুক্ত করতে পারে।

সবচেয়ে মজার বিষয় হলো, যখন খেলাধুলা এবং বইপড়াকে একসাথে করা যায়, তখন শেখার প্রভাব আরও গভীর হয়। ধরুন, একটি শিশু একটি গল্প পড়লো, জঙ্গলের প্রাণীদের নিয়ে। এরপর আপনি বললেন, “চল আমরা এই গল্পটা খেলি!” তখন শিশুটি সেই চরিত্রগুলো অভিনয় করতে শুরু করবে। এই প্রক্রিয়ায় সে গল্পটিকে আরও ভালোভাবে বুঝবে এবং মনে রাখবে। এটি তার সৃজনশীলতা ও কল্পনাশক্তিকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে।

অনেক সময় আমরা ভাবি, শিশুকে দ্রুত শেখাতে হলে তাকে বেশি করে বইয়ের সামনে বসাতে হবে। কিন্তু বাস্তবে, শুধুমাত্র বই বা শুধুমাত্র খেলা—কোনোটাই একা যথেষ্ট নয়। একটি শিশুর পূর্ণাঙ্গ মানসিক বিকাশের জন্য এই দুইটির মধ্যে ভারসাম্য প্রয়োজন। এই ভারসাম্য তৈরি করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে পারি।

যেমন প্রথমত, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় রাখা যেখানে শিশু স্বাধীনভাবে খেলতে পারবে কোনো স্ক্রিন ছাড়া। দ্বিতীয়ত, ঘরে একটি ছোট “বই কর্নার” তৈরি করা যেতে পারে, যেখানে শিশু হাতের নাগালে সহজে বই পাবে। তৃতীয়ত, শিশুর পছন্দকে গুরুত্ব দেয়া, সে যে ধরনের গল্প পছন্দ করে, সেই ধরনের বই তাকে পড়তে দেয়া। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অভিভাবক নিজে এই প্রক্রিয়ায় যুক্ত  থাকা।

শিশুর মনের বিকাশ কোনো প্রতিযোগিতা নয়। এটি একটি ধীরে ধীরে গড়ে ওঠা যাত্রা, যেখানে আনন্দটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি একটি শিশু আনন্দের সাথে শেখে, তাহলে সেই শেখা অনেক বেশি স্থায়ী হয়।

এই পোস্টটি শেয়ার করুন:

FacebookTwitterWhatsAppTelegramLinkedIn

💬 মন্তব্য (0)

মন্তব্য লোড হচ্ছে...

মন্তব্য লিখুন

0/1000