
শাহ আলমের জীবনটা সহজ না। রাস্তার পাশে বসে জুতা সেলাই করে যা আয় হয়, সেটা দিয়েই সংসার চালাতে হয়। কখনো কাজ থাকে, কখনো থাকে না। বাজারে গেলে দাম বাড়ে, বাসাভাড়া বাড়ে, কিন্তু আয় খুব একটা বাড়ে না। এমন পরিস্থিতিতে অনেক সময় ছোট ছোট “মিথ্যা” যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। একদিন রাফি তার বাবাকে জিজ্ঞেস করেছিল, “আব্বু, তুমি ওই কাকুকে বললা কাজ শেষ, কিন্তু তো শেষ হয় নাই?” প্রশ্নটা শুনে শাহ আলম কিছুক্ষণ চুপ হয়ে ছিল। কারণ সে বুঝতে পারে, ছোট্ট শিশুরা বড়দের সব আচরণ খুব মন দিয়ে দেখে।
অনেক বাবা-মা মনে করেন, সততা শেখানো শুধু স্কুলের বইয়ের বিষয়। কিন্তু শিশু মনোবিজ্ঞানে সততা গড়ে ওঠাকে একটা দীর্ঘমেয়াদি সামাজিক ও মানসিক শেখার প্রক্রিয়া হিসেবে দেখা হয়। আর এই শেখা শুরু হয় পরিবার থেকেই।
বিশেষ করে প্রতিকূল বা অর্থনৈতিক চাপের মধ্যে থাকা পরিবারগুলোতে এটা আরও কঠিন হয়ে যায়। কারণ বাবা-মা নিজেরাই নানা চাপে থাকেন। কখনো টিকে থাকার জন্য ছোটখাটো অসততা “স্বাভাবিক” মনে হতে পারে।
তবুও গবেষণায় দেখা গেছে, শিশুরা মূলত বড়দের আচরণ দেখে সততা শেখে। এটাকে অবজারভেশনাল লার্নিং বলা হয়। অর্থাৎ, আপনি যা করেন, শিশু সেটাকেই বেশি সত্যি মনে করে।
শাহ আলম আগে মাঝে মাঝে রাফিকে চুপ করানোর জন্য বলত, “দোকান বন্ধ”, “মিষ্টি শেষ”, যদিও আসলে তা না। পরে সে খেয়াল করে, রাফিও ছোট ছোট বিষয়ে মিথ্যা বলা শুরু করেছে।
একদিন রাফি দুধ ফেলে দিয়েছিল। পরে সে বলল, “আমি করি নাই।” তখন রাফির মা তাকে খুব বকতে যাচ্ছিল। কিন্তু শাহ আলম থামায়। কারণ সে বুঝতে শুরু করেছে, শিশুরা অনেক সময় শাস্তির ভয়েই মিথ্যা বলে।
মনোবিজ্ঞানীরা বলেন, যদি শিশু মনে করে সত্য বললে খুব অপমান বা ভয় পেতে হবে, তাহলে সে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতে শিখে যায়।
তাই সততা শেখানোর প্রথম ধাপ হলো এমন পরিবেশ তৈরি করা, যেখানে শিশু সত্য বললে নিরাপদ অনুভব করে।
সেদিন শাহ আলম রাফিকে শুধু বলেছিল, “দুধ পড়ে গেলে সমস্যা নাই, কিন্তু সত্য কথা বলা দরকার।” এতে রাফি ধীরে ধীরে বুঝতে শিখছে যে ভুল করা আর মিথ্যা বলা এক জিনিস না।
শিশুকে সৎ রাখতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাকে ছোট ছোট নৈতিক সিদ্ধান্ত নিতে শেখানো। যেমন, দোকান থেকে বাড়তি টাকা ফেরত এলে সেটা ফিরিয়ে দেয়া, অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেয়া, ভুল করলে “সরি” বলা। এই ছোট ছোট কাজগুলো শিশুর নৈতিক বিকাশে সাহায্য করে।
গবেষক লরেন্স কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী, ছোট শিশুরা শুরুতে শাস্তি এড়ানোর জন্য “ভালো” আচরণ করে। পরে ধীরে ধীরে তারা বুঝতে শেখে কোন কাজ নৈতিকভাবে সঠিক। আর এই শেখার বড় অংশ আসে পরিবার ও সামাজিক পরিবেশ থেকে।
তবে একটা বাস্তবতা মানতেই হবে। অভাবের সংসারে সৎ থাকা অনেক সময় কঠিন মনে হয়। যখন শিশু দেখে আশেপাশের মানুষ সহজ বা শর্টকাট পথে সফল হচ্ছে, তখন তার মনে ভুল ধারণা তৈরি হতে পারে যে কঠোর পরিশ্রমের প্রয়োজন নেই। এতে সে ধীরে ধীরে নৈতিক সিদ্ধান্ত ও সঠিক পথ বেছে নেওয়ার বিষয়ে বিভ্রান্ত হয়ে যেতে পারে।
এই জায়গায় বাবা-মায়ের আচরণ খুব গুরুত্বপূর্ণ।
শাহ আলম এখন চেষ্টা করে রাফির সামনে কাউকে ঠকিয়ে কথা না বলতে। কারণ সে বুঝেছে, সন্তানকে সততা শেখানো শুধু মুখের কথা না, এটা প্রতিদিনের ছোট ছোট আচরণের মাধ্যমে তৈরি হয়।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর ভালো কাজের প্রশংসা করা।
যখন রাফি নিজে ভুল স্বীকার করে, তখন তাকে “তুমি সত্য বলছো, এটা ভালো” বলা হয়। এতে শিশুর মনে সততা নিয়ে ইতিবাচক অনুভূতি তৈরি হয়।
বিশেষজ্ঞরা বলেন, শিশুদের শুধু “মিথ্যা বলো না” বললে কাজ হয় না। বরং কেন সত্য গুরুত্বপূর্ণ, সেটা ছোট ছোট উদাহরণের মাধ্যমে বোঝাতে হয়।
শাহ আলম এখনো সংগ্রাম করছে। সংসারের চাপ কমেনি। কিন্তু সে একটা জিনিস বুঝেছে, অভাব একজন মানুষকে কষ্ট দিতে পারে, কিন্তু মূল্যবোধ শেখানো এখনো পরিবারের হাতেই থাকে।
একটা শিশু যখন দেখে তার বাবা-মা কঠিন অবস্থাতেও সত্য বলার চেষ্টা করছে, তখন সেও ধীরে ধীরে শিখে যায়, সৎ থাকা দুর্বলতা না, বরং চরিত্রের শক্তি।
💬 মন্তব্য (0)
মন্তব্য লিখুন